হোয়াইট হাউস থেকে ৬ ভোট দুরে বাইডেন, আদালতে ট্রাম্প
মার্কিন মুলুকের নির্বাচন বলে কথা। সারাবিশ্বের নজর এখন হোয়াইট হাউসের দিকে। কে ঢুকবেন হোয়াইট হাউসে এ নিয়ে জল্পনার শেষ নেই। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের ফলাফল থেকে এটা অনেকটা নিশ্চিত যে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনই হতে চলেছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৬৪টি এবং ডোনাল্ড ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। প্রেসিডেন্টের চেয়ারে বসতে হলে একজনকে অবশ্যই ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে। সে হিসেবে ৬ ভোটের দুরে জো বাইডেন।
এখনও দেশটির জর্জিয়া, নেভেদা, নর্থ ক্যারোলিনা, পেনসেলভেনিয়া এবং আলাস্কার ফলাফল ঘোষণা বাকি। এই পাঁচটি রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে ৬০টি।
নিউইয়র্ক টাইমসের দেয়া তথ্য, বাইডেনের ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৫৩ এবং ট্রাম্পের ২১৪। তবে আলজাজিরা এবং ফক্স নিউজের ফলাফলে অ্যারিজোয়ানা অঙ্গরাজ্যের ভোট বাইডেনের পাশে যোগ করে দেয়া হয়েছে। কিন্তু নিউইয়র্ক টাইমস তা করেনি। কাজে অ্যারিজোয়ানার ফলাফল নিয়ে এখনো দোটানা রয়ে গেছে।
এছাড়া বাকি রাজ্যগুলোর মধ্যে নেভাদার ৮৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে ট্রাম্পের চেয়ে শূন্য দশমিক ছয় পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। এই রাজ্যের ইলেকটোরাল ভোটের সংখ্যা ৬টি। অর্থাৎ, শুধুমাত্র নেভাদার সবগুলো ইলেকটোরাল ভোট পেলেই হোয়াইট হাউসে উঠে যাবেন বাইডেন।
অন্যদিকে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসেলভেনিয়া এবং আলাস্কায় এখন পর্যন্ত ৫৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এসব এলাকার প্রাপ্ত ভোটে ৩০ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে সব ভোট গণনা শেষ হলে বদলে যেতে পারে চূড়ান্ত ফলাফল। তবে এরকম হওয়ার নজির খুবই কম।
কারণ বাকি এই চারটি রাজ্যের মধ্যে ইলেকটোরাল ভোট রয়েছে জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি, পেনসেলভেনিয়ায় ২০টি এবং আলাস্কায় ৩টি। কাজেই ট্রাম্পকে জিততে হলে এই চার রাজ্যের সবকটি ইলেকটোরাল ভোট পেতে হবে।
অপরদিকে ভোট গণনা বাকি থাকা রাজ্যগুলোর ভোট গণনায় ত্রুটি রয়েছে বলে অভিযোগ করে আদালতে মামলা করেছেন ট্রাম্পের নির্বাচনী শিবির। তবে তা আদৌ কতটুকু হালে পানি পাবে সেটাই এখন দেখার বিষয়।
টাইমস/এসএন