ট্রাম্পকে থামতে বললো ফেসবুক টুইটার
মার্কিন প্রেসিডেন্ট মানেই বিশ্বের বড় মোড়ল। পৃথিবীর যেকোন ইস্যূতেই মার্কিন প্রেসিডেন্টদের নাকগলানো লাগবেই। এটাই যেন নিয়ম। কিন্তু এবার ঠিক উল্টোটাই ঘটে গেল।
মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডের ওপরই কিনা এবার মোড়লগিরি করে বসলো ফেসবুক ও টুইটার। একরকম হুমকিও বলা যেতে পারে। মার্কিন প্রেসিডেন্টকে তার কাজ থেকে আটকে দেয়া চারটে খানি কথা?
ঘটনা গতকাল বুধবারের। চলমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করে বসেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ভেরিফায়েড ফেসবুক ও টুইটার আইডিতে তিনি নিজেকে জয়ী দাবি করে পোস্ট দেন।
কিন্তু এতে বাঁধা হয়ে দাড়ায় ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী দুটি প্রতিষ্ঠান ট্রাম্পকে এধরণের পোস্ট করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেন। সেই সঙ্গে ট্রাম্পের এধরণের পোস্টের সঙ্গে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ আলাদা করে নোটিফিকেশন দিতে থাকেন।
নোটিফিকেশনের ভাষা অনেকটা এরকম, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল এখনো সম্পূর্ণ ঘোষণা হয়নি। এখনো ভোট গণনা চলছে। কাজেই নির্বাচনে চূড়ান্ত বিজয় সংক্রান্ত সবধরণের পোস্ট এড়িয়ে চলুন।

ফেসবুকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার থেকে ট্রাম্প নিজেকে জয়ী দাবি করে পোস্ট দেয়া শুরু করেন। ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশয় তৈরি করে। অনেকে আবার ফেসবুক ও টুইটারের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন করেন। যে কারণে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ এসব পোস্ট থেকে বিরত থাকার জন্য নিয়মিত নোটিফিকেশন দিয়েছে। সকল ফেসবুক ব্যবহারকারীকে এ নোটিফিকেশন পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (৪ নভেম্বর) নিজের টুইটার ও ফেসবুক পেজে ডোনাল্ড ট্রাম্প লিখেন- ‘আমি আজ (বুধবার) রাতে একটি ঘোষণা দেব। বিশাল ব্যবধানে জয়!’ আর এতেই আপত্তি জানিয়ে বেঁকে বসে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ।
টাইমস/এসএন