ভুয়া তথ্য দেয়ায় ট্রাম্পের বক্তৃতার সম্প্রচার মাঝপথেই বন্ধ করে দিল বেশ কয়েকটি টিভি চ্যানেল
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, আর তারই বক্তৃতার সরাসরি সম্প্রচার মাঝপথে বন্ধ করে দেয়ার মতো দুঃসাহস দেখিয়েছে মার্কিন মুলুকের বেশ কয়েকটি টিভি চ্যানেল। গত বৃহস্পতিবার নির্বাচনের পর প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিচ্ছিলেন মার্কিন এই রাষ্ট্রপতি, কিন্তু একের পর এক মিথ্যা তথ্য দেয়ায় গণমাধ্যমকর্মীদের অভিনব এই প্রতিবাদের মুখে পড়লেন।
বক্তৃতায় ট্রাম্প ডেমোক্রেটদের বিরুদ্ধে ‘অবৈধ ভোট’ প্রদানের মাধ্যমে ‘নির্বাচন চুরি’র মতো বেশ কিছু ভিত্তিহীন অভিযোগ আরোপ করেছিলেন। এ সময় প্রতিক্রিয়া দেখিয়ে এমএসএনবিসি, এনবিসি ও এবিসি চ্যানেল হঠাৎ করেই বক্তৃতাটির সরাসরি সম্প্রচার মাঝপথে বন্ধ করে দেয়।
এ বিষয়ে এমএসএনবিসি’র উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা সম্প্রচার বন্ধের মাধ্যমে আমরা আবারও একটি ব্যতিক্রমী অবস্থান নিয়েছি, শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আমরা শুধরে দিচ্ছি।”
এবিসি’র সম্প্রচার বন্ধের পর চ্যানেলটির হোয়াইট হাউজ প্রতিনিধি জোনাথন কার্ল বলেন, “মনে হচ্ছে ভোট গণনায় বিলম্ব হওয়ার কারণে তিনি অধৈর্য হয়ে পড়েছেন। ভোট গণনায় সব সময় দেরি হয়, বিশেষত এই নির্বাচনে এটা খুব স্বাভাবিক।”
তবে সিএনএন তাদের সম্প্রচার চালু রেখেছিল। কিন্তু এ সময় চ্যানেলটিতে “কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তিনি প্রতারিত হয়েছেন বলে দাবি করছেন” জাতীয় সতর্কতাবাণী প্রদর্শন করা হয়েছে। ট্রাম্পের বক্তৃতা শেষে উপস্থাপক জ্যাক ট্যাপার বলেন, “মিথ্যার পর মিথ্যা, তার উপরে আরও মিথ্যা। দুঃখজনক।”
ফক্স নিউজের হোয়াইট হাউজ প্রতিনিধি জন রবার্ট বলেন, “দিন শেষে সব ভোট গণনা হয়ে যাওয়ার পর যখন দেখলেন তিনি হেরে যাচ্ছেন, তখন তিনি হোয়াইট হাউজে থেকে যাওয়ার নতুন ফন্দি আঁটতে শুরু করেছেন।”
অন্যদিকে নির্বাচনের কারচুপি হয়েছে ট্রাম্পের এমন দাবির প্রতিক্রিয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন, “কেউ আমাদের কাছ থেকে আমাদের গণতন্ত্র ছিনিয়ে নিতে পারবে না। সেটা এখনো নয়, কখনোই নয়।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এখনো বেশ কয়েকটি রাজ্যের ভোট গণনা বাকী থাকলেও জো বাইডেন হোয়াইট হাউজের দৌড়ে বেশ এগিয়ে আছেন।
তথ্যসূত্র: আল জাজিরা।
টাইমস/এনজে
https://www.aljazeera.com/news/2020/11/6/us-networks-pull-the-plug-on-trumps-live-address-due-to-lies