বাইডেনকে জয়ী ঘোষণা করল মার্কিন ‘ডিসিশন ডেস্ক’
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ের খুব কাছাকাছি রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বলা যেতে পারে, তাঁর এক পা এখন হোয়াইট হাউসে। বেশ কয়েকটি রাজ্যের ভোট গণনা শেষ না হওয়ায় এখনো কাউকে চূড়ান্ত ভাবে বিজয়ী বলা যাচ্ছে না।
তবে দেশটির নির্বাচন পর্যবেক্ষণ সংগঠন ‘ডিসিশন ডেস্ক’ জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। এর আগের কোনও নির্বাচনে অবশ্য এই সংগঠনটি কখনও এধরণের ঘোষণা দেয়নি।
সংগঠনটি জানিয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে ট্রাম্পকে পেছনে ফেলে আরও এগিয়ে গেছেন জো বাইডেন। কাজেই এটা অনেকটা নিশ্চিত যে, হোয়াইট হাউসে কে যাচ্ছেন।
মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, দেশটির বিভিন্ন রাজ্যে এখনো ভোট গণনা চলছে। এসব অঞ্চলের নির্বাচনে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যে কারণে এখনই বলা যাচ্ছে না, কে উঠছেন হোয়াইট হাউসে।
এদিকে পর্যবেক্ষণ সংস্থা ‘ডিসিশন ডেস্ক’ এক টুইট বার্তায় জানিয়েছে, বাইডেন পেনসিলভেনিয়ায় জয়ী হয়েছেন। সেখানে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। আগে এগিয়ে থাকা ২৫৩টি ইলেকটোরাল কলেজ ভোটের সঙ্গে পেনসিলভেনিয়ার ২০টি ভোট পেলে বাইডেনই হবেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ডিসিশন ডেস্ক জানায়, ফিলাডেলফিয়া থেকে পোস্টাল ব্যালট আসার পরই পেনসিলভেনিয়া রাজ্যে সাড়ে ৫ হাজার ভোটের ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেন বাইডেন। সেখানে এখনও এক লাখের বেশি ভোট গণনার বাকি। গণনার বাকি ভোটগুলো বাইডনের পক্ষে যাবে বলে দাবি সংস্থাটির।
এদিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ না করা পর্যন্ত কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমস বলছে, বাইডেন ২৫৩ ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে। ট্রাম্প এগিয়ে আছেন ২১৪ ইলেকটোরাল কলেজ ভোটে। জর্জিয়ায় অল্প কিছু ভোট গণনা এখনও বাকি। পেনসিলভেনিয়ায় বাকি থাকা ভোটের অধিকাংশই বাইডেনের পক্ষে যেতে পারে। তারপরও এখনই কাউকে বিজয়ী ঘোষণার সময় আসেনি। চূড়ান্ত ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।
টাইমস/এসএন