© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাজী সেলিমের ছেলে ইরফান ও তার দেহরক্ষী ফের রিমান্ডে

শেয়ার করুন:
হাজী সেলিমের ছেলে ইরফান ও তার দেহরক্ষী ফের রিমান্ডে
own-reporter
০৩:৫১ পিএম | ০৮ নভেম্বর, ২০২০

পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে পৃথক দুটি মামলায় আদালত আলাদা আলাদা রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (৮ নভেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার ও মো. কায়সারুল ইসলামের আদালতে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলার শুনানি হয়। শুনানি শেষে মাদক মামলায় দুদিন এবং অস্ত্র মামলায় তিন দিন করে মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, রিমান্ড মঞ্জুর হওয়া দুই মামলার আসামি ইরফান সেলিম ও তার দেহরক্ষী ভ্রাম্যমাণ আদালতের সাজা ভোগ করছেন। তারা এখন কারাগারে।

এর আগে গত ২৬ অক্টোবর দুপুরে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় পুরান ঢাকার সাংসদ হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে ৩৮টি ওয়াকিটকি, পাঁচটি ভিপিএস সেট, একটি পিস্তলহ বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে এক বছরের কারাদণ্ড দেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন