মানবতাবিরোধী অপরাধ: গ্রামে না যাওয়ার শর্তে দুই আসামির জামিন
গ্রামের বাড়িতে কখনো না যাওয়ার শর্তে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামিকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসামিরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার নওয়াগ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখ এবং ঝিনাইদহ সদর উপজেলপার হলিধানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুর রশিদ মিয়া।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান গণমাধ্যমকে বলেন, পৃথক দুটি মামলায় জামিন আবেদনের শুনানি ছিল সোমবার (৯ নভেম্বর)। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম দুই আসামির জামিন মঞ্জুর করেন।
তিনি আরও জানান, তবে জামিনপ্রাপ্ত আসামিরা কোনো ভাবেই নিজ নিজ গ্রামে কখনোই যেতে পারবেন না বলে শর্ত দিয়েছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী আরও জানান, আসামি দাউদ শেখ ও আবদুর রশিদ জটিল রোগে ভুগছেন। তাই মানবিক কারণে শর্ত সাপেক্ষ্যে আদালত তাদের জামিন দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৭ জুলাই নড়াইলের লোহাগড়া উপজেলার নওয়াগ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখসহ যশোর-নড়াইলের ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
অপরদিকে ২০১৯ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মিয়াসহ তিনজনের বিরুদ্ধে একই অভিযোগে প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
টাইমস/এসএন