মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য যুবলীগের দরজা বন্ধ : আমু
ফাইল ছবি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ তৈরি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই বঙ্গবন্ধু যুবলীগ গঠন করেছিলেন। কাজেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের কর্মী হয়ে কোনো বেআইনী ও সমাজবিরোধী কাজ করা যাবে না।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের কোনো কর্মী মাদকের সঙ্গে যুক্ত থাকবে, তা মেনে নেয়া হবে না। যারা মাদকের সঙ্গে যুক্ত থাকবে তারা কেউ আর যুবলীগ করতে পারবে না।
ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করীম জাকিরের সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন শহর যুবলীগের সভাপতি আবদুল হক খলিফা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু, খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স প্রমুখ।
টাইমস/এসএন