দুদকের মামলায় গাজীপুরের সাবেক মেয়র মান্নানের কারাদণ্ড
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ভুয়া ভাউচারের মাধ্যমে ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় তাকে এ দণ্ড দেয়া হয়েছে।
একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত এ রায় দেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, রায় ঘোষণার সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এমএ মান্নান আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় গোলাম কিবরিয়া নামে অপর এক আসামিকে খালাস দেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে (২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি) ৯৯৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে অনুদান ও ব্যয় দেখিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ত্রাণ এবং দরিদ্র তহবিল থেকে ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন এম এ মান্নান।
ওই ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক শামসুল আলম ২০১৬ সালের ২৩ জুন গাজীপুরের জয়দেবপুর থানায় এমএ মান্নান ও তার সহযোগী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করেন।
টাইমস/এসএন