© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাবজ্জীবন কারাদণ্ড মানে ‘মৃত্যু পর্যন্ত কারাবাস’

শেয়ার করুন:
যাবজ্জীবন কারাদণ্ড মানে ‘মৃত্যু পর্যন্ত কারাবাস’

ফাইল ছবি

own-reporter
০৮:৩৩ পিএম | ২৯ নভেম্বর, ২০২০

‘যাবজ্জীবন কারাদণ্ড’ মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড। দণ্ডবিধির ৪৫ ধারা অনুযায়ী এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

‘যাবজ্জীবন সাজা মানে আমৃত্যু কারাদণ্ড’ সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও শিশির মনির।

প্রসঙ্গত, ২০০১ সালে সাভারে জামান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ২০০৩ সালে তিনজনকে মৃত্যুদণ্ড দেন দ্রুতবিচার ট্রাইব্যুনাল। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের সাজা বহাল রাখা হয়।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে আসামিপক্ষ। ওই আবেদনের প্রেক্ষিতে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড মওকুফ করে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত।

রায় ঘোষণার সময় আপিল বিভাগ ‘যাবজ্জীবন কারাদণ্ড’ মানে ‘আমৃত্যু কারাবাস’ হিসেবে আখ্যা দেন। এর প্রতিবাদ জানান আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

ওই দিন অন্যান্য মামলার আসামির ক্ষেত্রেও এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, পূর্ণাঙ্গ রায়ে বিষয়টি স্পষ্ট হবে।

ওই দিন আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, রায়ের সময় প্রধান বিচারপতি বলেন- যাবজ্জীবন মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) কারাবাস। আমি প্রতিবাদ করে বলেছিলাম, দণ্ডবিধির ৫৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড মানে ‘৩০ বছর’। এ ছাড়া যাবজ্জীবনের আসামিরা কারাগারে রেয়াত পেয়ে দণ্ড সাড়ে ২২ বছরে নেমে আসে। যদি যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ডই হবে, তাহলে রেয়াতের কী হবে?

 

টাইমস/এসএন

মন্তব্য করুন