সাবেক মন্ত্রী আমুর নামে ফেসবুকে কুটুক্তি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ মো. রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও তার কন্যা সুমাইয়া হোসেনকে নিয়ে ফেসবুক ও মেসেঞ্জারে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শহরের সাধনার মোড় রাব্বীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. রাব্বী তার নিজের ফেসবুক আইডি ও মেসেঞ্জার দিয়ে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও তাঁর কন্যা সুমাইয়া হোসেন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
বিষয়টি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ফেসবুকে দেখে মামলার বাদী এবং সাক্ষীদের জানান। এ ঘটনা জানতে পেরে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনু রোববার রাতে ঝালকাঠি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে ওই রাতেই (রোববার) সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ছাত্রলীগ নেতা শেখ রাব্বী ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের দুঃসম্পর্কের নাতি।
এ বিষয়ে শেখ রাব্বীর পক্ষ থেকে দাবি করা হয়েছে- কেউ তার ছবি ও নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে তাকে বিপদে ফেলেছে। এ বিষয়ে থানায় জিডি করতে গেলেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পুলিশ তাকে আটক করেছে।
টাইমস/এসএন