© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতা হারানোর ভয়ে সরকারঃ নুর

শেয়ার করুন:
ক্ষমতা হারানোর ভয়ে সরকারঃ নুর
own-reporter
০৭:১৯ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে আছে। বর্তমান সরকার প্রতি জনগণের সমর্থন নেই। তাদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে মঙ্গলবার ভোরে প্রেসক্লাবে অবস্থানরত শিক্ষক, শ্রমিক ও শিক্ষনবিশ আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় নুরুল হক নুর বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়, এই স্বৈরশাসন আর টিকতে পারবে না। দেশের জনগণ খুব শিগগিরই তাদের ভোটাধিকার আদায়ে রাজপথে নামবে। রাতের অন্ধকারে শ্রমিক, শিক্ষক, আইনজীবীদের ওপরে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৪৯ বছরে এটা লজ্জাজনক ঘটনা।

প্রেস ক্লাবের এই হামলা এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান নূর। দাবি মানা না হলে ছাত্র-শ্রমিক-শিক্ষক জনতাকে নিয়ে গণআন্দোলন হবে বলেও হুশিয়ারি দেন। রোহিঙ্গা বিষয়ে নুর বলেন, সরকার একটি আন্তর্জাতিক সমস্যাকে শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশ কাটিয়ে আসছে। এখন রোহিঙ্গা বিষয়টি নিয়ে সরকার জটিল পরিস্থিতিতে পড়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন