© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাস্কর্য ভাঙার ঘটনায় খালেদা-তারেকের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
ভাস্কর্য ভাঙার ঘটনায় খালেদা-তারেকের বিরুদ্ধে মামলা
own-reporter
০৪:২৮ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২০

ভাস্কর্য বিরোধিতায় হুকুমের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ায় একই মামলায় হেফাজত ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমকেও আসামি করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলার শুনানি শেষে আদেশ অপেক্ষমাণ রেখেছেন আদালত।

মামলার আবেদনে অভিযোগে করা হয়, চলতি বছরের ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে হেফাজত ইসলামের সভায় সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, বাংলাদেশে কোনো ধরনের ভাস্কর্য থাকবে না। এমনকি জাতির পিতার ভাস্কর্যও করতে দেয়া হবে না।

অপরদিকে গত ২৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত ইসলামের আমির জুনাইদ বাবুনগরী বলেন, মদিনার সনদে যদি দেশ চলে তা হলে কোনো প্রকার ভাস্কর্য বাংলাদেশে থাকতে পারবে না। ভাস্কর্য নির্মাণ বন্ধ না করলে আরও একটি শাপলা চত্বর ঘটাবেন বলে তিনি সরকারকে হুমকি দেন।

এমতাবস্থায় স্বাধীনতাবিরোধী পাকিস্তানি দালালচক্র খালেদা জিয়ার নেতৃত্বে ইসলামিক জঙ্গিবাদী গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য বন্ধ করার জন্য বিভিন্ন কার্যকলাপ ও সংঘাত সৃষ্টির পায়তারা করছে। তার অংশ হিসেবে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুদা’র ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন