মানবতাবিরোধী অপরাধ করছে বিএনপি: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার লোভে ধারাবাহিকভাবে মানবতাবিরোধী অপরাধ করছে বিএনপি। তাই তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সম্মেলনে যুক্ত হন ওবায়দুল কাদের।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও অগণতান্ত্রিক চর্চা তাদের ঐতিহ্য। তাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ। ওবায়দুল কাদের বলেন, ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই। এ সময় বিএনপিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
টাইমস/এসজে/এসএন