© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবিতে আবাসিক হল খুলে দেয়ার দাবি ছাত্রলীগের

শেয়ার করুন:
ঢাবিতে আবাসিক হল খুলে দেয়ার দাবি ছাত্রলীগের
own-reporter
০৪:৪৮ পিএম | ১৩ ডিসেম্বর, ২০২০

আবাসিক হল খুলে দিয়ে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ।

রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

স্মারকলিপিতে বলা হয়, গত ১০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত না করেই স্নাতক সমাপনী বর্ষ ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। সেশনজট নিরসন ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ।

কিন্তু শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর তাই আবাসিক হল খুলে দিয়ে নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষার দাবি জানিয়েছে ছাত্রলীগ।

স্মারকলিপিতে ছাত্রলীগের নেতারা বলেছেন, হল বন্ধ রেখে পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তাবনায় শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়নি। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এব্যাপারে বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ কোনো অংশীদারিত্ব রাখেনি। এতে শিক্ষার্থীদের অধিকার ক্ষুন্ন হয়েছে দাবি করে স্মারকলিপিতে অবিলম্বে আবাসিক হল খুলে দিয়ে পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন