অগণতান্ত্রিক অপশক্তিকে ইন্ধন দিচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী
ফাইল ছবি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র চর্চার নামে বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। বিএনপির কাজই দেশবিরোধী ও অগণতান্ত্রিক অপশক্তিকে ইন্ধন দেয়া।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন সেতুমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন তিনি।
মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি একজন সফল রাজনীতিবীদ। রাজনৈতিক জীবনে একজন নেতার সবচেয়ে বড় অর্জন ও সাফল্য হচ্ছে জনগণের ভালোবাসা। যা মহিউদ্দিন চৌধুরী অর্জন করেছিলেন।
দেশের উন্নয়নের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় তিনি একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা। অথচ বিএনপি উগ্র সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের অগ্রগতির পথকে রুদ্ধ করার অপচেষ্টা করছে।
ওবায়দুল কাদের বলেন, ৭১'র মুক্ত স্বাধীন বাংলাদেশ যারা চায়নি তারাই এখন দেশের অগ্রগতি মেনে নিতে পারছে না। বঙ্গবন্ধুকে নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী নতুন ষড়যন্ত্র শুরু করেছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাই, দেশের অস্তিত্বের প্রয়োজনে, স্বাধীনতা অক্ষুন্ন রাখার স্বার্থে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে হবে।
টাইমস/এসএন