নানীর করা চুরির মামলায় সেই দুই শিশুর মায়ের জামিন
নানীর করা চুরির মামলায় বাবা-মা কারাগারে। নিম্ন আদালতে ঘুরেও জামিন হয়নি। মা-বাবাকে কাছে না পেয়ে একপর্যায়ে আদালতেই কান্নাকাটি শুরু করে ৩ বছর ও ২ বছর বয়সের দুই শিশু। হৃদয়বিদারক এ ঘটনায় সেদিন আদালতের বিচারকের অন্তরের বরফ গলেনি। কিন্তু প্রতিবেশীদের কাছে আশ্রয় পাওয়া অবুঝ দুই শিশুর কান্নার আওয়াজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর বেরিয়েছে গণমাধ্যমে।
বুধবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনটি নজরে আসে হাইকোর্টের। পরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের জন্য ওই দুই শিশুর মাকে জামিন দেন।
বুধবার গণমাধ্যমের প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে।
আইনজীবী কুমার দেবুল দে গণমাধ্যমকে জানান, আদালত শুনানি শেষে শিশু দুটির মাকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেছেন। এরই মধ্যে হাইকোর্টের আদেশ নিম্ন আদালতে পৌঁছে গেছে। হয়তো শিশু দুটির মা আজই (বুধবার) মুক্তি পেতে পারেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ ডিসেম্বর) ‘আদালতের বারান্দায় দুই শিশুর কান্না, বিচারের বাণী কাঁদল নিভৃতে’ শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। যা সামাাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের এক আদালতে মেয়ে ওয়াসিমা ও জামাতা তোফায়েলের নামে চুরির মামলা করেন ৬০ বছরের বৃদ্ধা। ওই মামলায় মেয়ে-জামাইকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এই দম্পতির দুই সন্তান টুম্পা (৪) ও ইয়াসিন (৩) আদালতে গিয়ে বাবা-মাকে না পেয়ে কান্নাকাটি শুরু করে। পরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
টাইমস/এসএন