© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে মুক্তি পেলেন বিনাদোষে কারাগারে থাকা আরমান

শেয়ার করুন:
অবশেষে মুক্তি পেলেন বিনাদোষে কারাগারে থাকা আরমান
own-reporter
০৭:৪৮ পিএম | ৩১ ডিসেম্বর, ২০২০

মিরপুর বেনারশী পল্লীর টেকনিশিয়ান মো. আরমানকে ভুল করে গ্রেপ্তার করায় তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে ৩০ দিনের মধ্যে ২০ লাখ টাকা দেয়ার আদেশ দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেই সঙ্গে মো. আরমানকে আসামি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। ১৪ ফেব্রয়ারির মধ্যে এ ব্যাপারে অগ্রগতি প্রতিবেদন জানানোর নির্দেশও দিয়েছেন আদালত।

রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। এর আগে গত বছরের ২৩ এপ্রিল ভুল আসামি হয়ে প্রায় ৪ বছর ধরে কারাগারে থাকা মো. আরমানকে কেন মুক্তির নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে মো. আরমানকে কারাগারে রাখায় কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আদেশ চেয়ে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০১৬ সালের জানুয়ারিতে মাদক মামলার মূল আসামি শাহাবুদ্দিন বিহারীর পরিবর্তে আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের উভয়ের বাবার নাম মো. ইয়াছিন।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন