গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন : অন্যতম আসামি ইউপি সদস্যের জামিন
ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনার মামলার আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া আসামির নাম মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৫)। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।
রোববার (৩ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ইউপি সদস্যের জামিন মঞ্জুর করেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন।
এর আগে গত ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন প্রকাশ দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ মামলার অন্যতম চার আসামি এখনও পলাতক রয়েছে।
প্রসঙ্গত গত বছরের ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় বসতঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতন চালায় আসামিরা। এমনকি নির্যাতনের ভিডিও চিত্রও ধারণ করে তারা।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে ১৪ জনকে আসামি করে মামলা করা হয়।
টাইমস/এসএন