© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

শেয়ার করুন:
দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর
own-reporter-chattogram
০৫:১৩ পিএম | ১০ জানুয়ারি, ২০২১

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাময়িক বরখাস্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মহানগরের স্পেশাল দায়রা জজ মো. আশিকুর রহমানের আদালত এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক বলেন, আদালত জামিন নামঞ্জুর করেছেন। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ৮ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর আদালত ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাটির এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। দুদক এর করা আবেদনের প্রেক্ষিতে ওই আদেশ দেয়া হয়। পাশাপাশি প্রদীপ কুমার দাশের করা জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছিল সেদিন।

গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় ১-এ বাদী হয়ে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন।

এ মামলায় ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আবেদন জমা দেয়া হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন।

২০১৮ সালে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার অভিযোগে করা মামলায় ওসি প্রদীপ বর্তমানে কারাগারে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন