সাঈদ খোকনের নামে দুই মামলার আবেদন তাপসের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের নামে পৃথক দুটি মানহানির মামলার আবেদন করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।
সোমবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি দায়ের করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান, অপর মামলার বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
মেয়র তাপস গণমাধ্যমকে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে। যারা আগে পদে থেকে বিভিন্নভাবে টাকা লেনদেন করেছেন তারাই এখন দুর্নীতির অভিযোগ করছেন।
দীর্ঘদিন ধরে রাজধানীর বক্স কালভার্ট এর ময়লা আবর্জনা পরিষ্কার কাজ বন্ধ ছিল জানিয়ে মেয়র বলেন, ওয়াসার কাছ থেকে যেসব যন্ত্রপাতি বুঝে পেয়েছি, সেগুলোর বেশিরভাগই অচল। তারপরও প্রচেষ্টা অব্যাহত আছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরবাসী সুফল পাবেন।
এর আগে, শনিবার (৯ জানুয়ারি) রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
লিখিত বক্তব্যে সাঈদ খোকন বলেন, ‘দক্ষিণ সিটির বর্তমান মেয়র ফজলে নূর তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। মেয়র তাপস দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলব, রাঘব-বোয়ালদের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত হতে হবে। তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিতে হবে।’
সাবেক মেয়র আরও বলেছিলেন, ‘ফজলে নূর তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসাবে গ্রহণ করেছেন তিনি। কিন্তু অর্থের অভাবে দক্ষিণ সিটি করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না।’
টাইমস/এসএন