২৩০ কোটি টাকার কয়লা আত্মসাৎ: বড়পুকুরিয়া খনির ২২ কর্মকর্তা কারাগারে
এক লাখ ৪৩ হাজার ৭২৭ দশমিক ৯৯ টন কয়লা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক সাতজন এমডিসহ ২২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আত্মসাত করা এই কয়লার আনুমানিক মূল্য ২৩০ কোটি টাকা।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদুল করিম তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ২২ কর্মকর্তা উচ্চ আদালতের অন্তর্র্বতীকালীন জামিনে ছিলেন। দুদকের দায়ের করা মামলায় আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে।
আসামিরা হলেন- বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক এমডি মাহবুবুর রহমান, আবদুল আজিজ খান, প্রকৌশলী খুরশীদুল হাসান, প্রকৌশলী কামরুজ্জামান, আমিনুজ্জামান, প্রকৌশলী এসএম নুরুল আওরঙ্গজেব ও প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ।
প্রসঙ্গত, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উধাওয়ের ঘটনায় ২০১৮ সালের ২৪ জুলাই বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির পক্ষে ম্যানেজার (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে ১৯ জনকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন।
টাইমস/এসএন