সাজা নয়, ৪৯ শিশু অপরাধীকে বই দিলেন আদালত
সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একসঙ্গে ৩৫টি মামলার রায় দিয়েছেন আদালত। এই রায়ে ৪৯ জন অভিযুক্ত শিশুকে সাজার পরিবর্তে সুন্দর জীবনে ফিরে আসার সুযোগ দিয়ে পরিবারের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর আদালতের পক্ষ থেকে প্রত্যেক শিশুকে ‘১০০ মনীষীর জীবনী’ নামে একটি করে বই উপহার দেয়া হয়।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় আদালত অভিযুক্ত শিশু ও তাদের অভিভাবক এবং আইনজীবীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।
অভিযুক্ত শিশুরা জানান, তাদের ওপরে মামলা থাকার কারণে প্রতি মাসে আদালতে হাজিরা হতে হতো। লেখাপড়া বাদ দিয়ে আদালতে হাজির হতো তারা। এ কারণে তাদের অনেক ক্ষতি হয়েছে। এ রায় হওয়ায় এখন থেকে তারা আদালতের আদেশে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তারা আদালতের আদেশ মেনে চলবেন বলেও জানান।
আদালতের একটি সূত্র জানিয়েছে, চাঞ্চল্যকর এই রায়ের পাশাপাশি আদালত শিশুদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে সুন্দর পরিবেশ তৈরি করতে পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনুল ইসলাম বাবলু গণমাধ্যমকে বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শিশুদের অধিকার রক্ষায় আদালতের এই রায় দেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। শিশুদের মামলার আসামি করার আগে তদন্তকারী কর্মকর্তাকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
টাইমস/এসএন