হলমার্ক জিএমের নারীসঙ্গ : জেল সুপার ও জেলারকে প্রত্যাহার
কাশিমপুর কারাগার পার্ট-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। কারাবন্দি হলমার্কের জিএম তুষার আহমেদের নারীসঙ্গ কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে এঘটনায় এখন পর্যন্ত পাঁচজন শীর্ষ কারা কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো।
রোববার (২৪ জানুয়ারি) সকালে তাদের প্রত্যাহার করা হয়। অভিযুক্ত এসব কর্মকর্তাকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন।
তিনি জানান, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কাশিমপুর কারাগার পার্ট-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) সহহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মাইন উদ্দিন ভূঁইয়া তিনজনকে প্রত্যাহার করা হয়। তারা হলেন- কাশিমপুর কারাগার পার্ট-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আবদুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমান। তাদের কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে প্রত্যাহার করে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত দেশের আর্থিক খাতের অন্যতম কেলেঙ্কারি হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের ভায়রা ও হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদকে কারা কর্মকর্তাদের কক্ষে নারীসঙ্গের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ ওঠে। এসংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
টাইমস/এসএন