রাস্তা-ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখলেই জেল-জরিমানা
রাস্তা বা ফুটপাতে যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেরে রাখলে এখন থেকে শাস্তির মুখে পড়তে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া হবে। এছাড়া একই অপরাধ একই ব্যক্তি দ্বিতীয়বার করলে সাজা দ্বিগুণ হবে।
‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭’ সংশোধন করে সম্প্রতি প্রকাশিত গেজেটে এমনই শাস্তির বিধান রাখা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিধিমালার প্রস্তাব করেছিল।
সংশোধিত বিধিমালায় ‘কোনো অবকাঠামো নির্মাণ, পুনঃনির্মাণ, মেরামত বা সংস্কার কাজে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ শিরোনামে নতুন একটি বিধি সংযুক্ত করা হয়েছে। এছাড়া রাস্তা, ড্রেন, ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ, পুনঃনির্মাণ, মেরামত বা সংস্কার কাজ পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বায়ুদূষণ নিয়ন্ত্রণের সার্বিক ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে।
সংশোধিত বিধিমালায় আরও বলা হয়েছে, নির্মাণ সাইটে যথাযথ অস্থায়ী ছাউনি বা নিরাপত্তা বেষ্টনি স্থাপনসহ নির্মাণাধীন ভবন ঢেকে রাখতে হবে। সব ধরনের নির্মাণ সামগ্রী (মাটি, বালি, রড, সিমেন্ট ইত্যাদি) অনাবৃত রাখা যাবে না।
সেই সঙ্গে নির্মাণ সামগ্রী (মাটি, বালি, সিমেন্ট, ইট, ময়লা-আবর্জনা ইত্যাদি) পরিবহনে ব্যবহৃত ট্রাক, ভ্যান বা লরি ঢেকে মালামাল পরিবহন করতে হবে। নতুন বিধি অনুযায়ী, মাটি, বালি, সিমেন্ট, ইট, ময়লা-আবর্জনা, ইত্যাদি পরিবহনে ব্যবহৃত ট্রাক, ভ্যান বা লরির চাকার কাদা-মাটি বা ময়লা-আবর্জনা পরিষ্কার করে যানবাহন রাস্তায় চলাচল করতে পারবে। চাকা পরিষ্কার না করে এসব যানবাহন কোনও ভাবেই রাস্তায় আসতে পারবে না।
বিধিমালায় আরও বলা হয়েছে, নির্মাণ, পুননির্মাণ বা মেরামত স্থলের আশেপাশে দিনে কমপক্ষে দু-বার পানি ছিটাতে হবে। পারিপার্শ্বিক পরিচ্ছন্নতাসহ যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পক্ষকে নিশ্চিত করতে হবে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব বিধান লঙ্ঘণ করলে প্রথমবার অপরাধের ক্ষেত্রে এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমারা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে একই অপরাধ একই ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বিতীয়বার করলে, শাস্তি দ্বিগুণ হবে।
টাইমস/এসএন