জি কে শামীমকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণকাজে দুর্নীতির মামলায় জি কে শামীমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন দুনীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, জাল কাগজপত্র দাখিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫ কোটি টাকার একটি ভবন নির্মাণের কাজ আদায় করে শামীম। অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
এই আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত ।
অভিযুক্ত জি কে শামীমকে সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় ২০১৯ সালের ৩১ অক্টোবর গ্রেপ্তার করা হয়। নিজেকে যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক হিসেবে পরিচয় দেওয়া জি কে শামীম ঢাকার জি কে বি অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
মামলায় অভিযুক্ত অপরজন হলেন- দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম চৌধুরী। ২০২০ সালের ২২ নভেম্বর দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
টাইমস/এসজে