শরীয়তপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের সখিপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী লিজা (১১) ধর্ষণের পর হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সখিপুর সরদার কান্দি গ্রামের মৃত ছামেদ শেখের ছেলে ফরিদ ও একই এলাকার আ. রাজ্জাক শেখের ছেলে জাকির শেখ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম মিয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ফিরোজ আহম্মেদ জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের সাত বছরের সশ্রম করাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলা সূত্রে জানায়, ২০১৭ সালের ১৭ জুলাই একটি খালি ঘরে নিয়ে শিশু লিজাকে পালাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে অভিযুক্তরা। পরে অর্ধগলিত অবস্থায় শিশু লিজার লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। এ ঘটনায় ২৩ জুলাই নিহত লিজার বাবা লেহাজ উদ্দিন শেখ বাদী হয়ে থানায় মামলা করেন।
টাইমস/এসজে/এসএন