© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আল জাজিরার অভিযোগে প্রধানমন্ত্রীর যোগসূত্রের প্রমাণ নেই’

শেয়ার করুন:
‘আল জাজিরার অভিযোগে প্রধানমন্ত্রীর যোগসূত্রের প্রমাণ নেই’
own-reporter
০৬:০৩ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২১

ঘণ্টাব্যাপী একটি প্রতিবেদন সম্প্রচার হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে। কিন্তু তাঁর (প্রধানমন্ত্রী) সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারলেন না। সম্প্রতি কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল–জাজিরায় প্রচারিত তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রসঙ্গে আদালতে শুনানিতে এ কথা বলেছেন অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে আল–জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা এক রিটের গ্রহণযোগ্যতার ওপর শুনানিতে অংশ নেন অ্যামিকাস কিউরির দায়িত্ব পাওয়া কামাল উল আলম। 

এ সময় তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে বিতর্কিত করা হলে রাষ্ট্রকেই বিতর্কিত করা হয়। রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা নেই। কাজেই রিটটি গ্রহণযোগ্য নয়।

বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কামাল উল আলমের শুনানি গ্রহণ করেন। এর আগে অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পাওয়া আরও দুজন আদালতে তাঁদের বক্তব্য পেশ করেন। আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ফিদা এম কামালও রিট গ্রহণযোগ্য নয় বলে মত দেন।

এর আগে ৮ ফেব্রুয়ারি ভিডিও-সংবলিত ওই ডকুমেন্টারিটি বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর উল্লেখ করে দেশে আল-জাজিরার সম্প্রচার ও ওয়েবসাইট বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে রিট করেন আইনজীবী এনামুল কবির ইমন।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন