নারীকে ধর্ষণের পর হত্যা : চুয়াডাঙ্গায় দুই আসামির মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গায় দুই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। দণ্ডপ্রাপ্ত অপর আসামি খালাস পেয়েছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আজিজ ওরফে আজিজুল এবং মিন্টু ওরফে কালু।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর ফিঙ্গে বেগম ও কমেলা খাতুন নামে দুই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে হাইকোর্ট তা বহাল রাখেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। ওই আপিলের শুনানি নিয়ে বুধবার এ রায় দেন আপিল বিভাগ।
টাইমস/এসজে/এসএন