বার্নিকাটের গাড়িবহরে হামলা: ছাত্রলীগ-যুবলীগের নামে চার্জশিট
রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয়া হয়েছে। দীর্ঘ আড়াই বছর ধরে তদন্তের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামে এ চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আসামিরা হলেন- নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খান কাজল, তান্না ওরফে তানহা ওরফে মুজাহিদ আজমি তান্না, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনি। এছাড়া অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, বেশ কিছুদিন আগেই চার্জাশিট অনুমোদন করা হয়েছিল। সম্প্রতি তা আদালতে দাখিল করা হয়েছে।
ডিবির উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল গণমাধ্যমকে বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে বলে সন্দেহের বশবর্তী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা চালায়। তদন্তে এধরণের তথ্য উঠে এসেছে।
এদিকে চার্জশিটে বলা হয়েছে, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাসায় নৈশভোজের দাওয়াতে যান তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রাতে নৈশভোজের নামে মার্শা বার্নিকাট গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ আরও কয়েকজনের সঙ্গে বৈঠক করেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ওই বৈঠককে সরকারবিরোধী ষড়যন্ত্র বলে ধারণা করে বার্নিকাটের গাড়িবহরে হামলা চালায়।
রাত ১১টার দিকে ছাত্রলীগের নাইমুল হাসান ওরফে রাসেলের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বার্নিকাটের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করে। ওই সময় সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে আসামিরা।
ওই ঘটনায় ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুর রউফ ডিবির পরিদর্শক (নিরস্ত্র) চার্জশিট দাখিল করেন।
টাইমস/এসএন