© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগ্রাসী জান্তা সরকার, মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত ৭

শেয়ার করুন:
আগ্রাসী জান্তা সরকার, মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত ৭
international-desk
০৫:৪৭ পিএম | ১১ মার্চ, ২০২১

মিয়ানমারে জান্তা সরকারের আগ্রাসন যেন থামছেই না। সেনাবিরোধী বিক্ষোভে এখন সরাসরি গুলি চালাচ্ছে দেশটির পুলিশ। বৃহস্পতিবারও দেশটিতে পুলিশের গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে মোট নিহত হয়েছেন ৭০ জন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মিয়াইং শহরে বৃহস্পতিবার (১১ মার্চ) পুলিশের গুলিতে ছয় বিক্ষোভকারী নিহত হন। গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনকারীরা রয়টার্সকে জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ইয়াঙ্গুন শহরেও জান্তা বিরোধী বিক্ষোভ হয়েছে। এসময় সেখানেও গুলি চালায় পুলিশ। গুলিতে একজন নিহত হয়েছেন। এসময় অসংখ্য মানুষ আহত হন। রাজপথ রক্তে ভেসে গেছে বলে মিয়ানমারের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

জান্তা সরকারের একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, অভ্যুত্থান বিরোধী সমাবেশের সময় বিক্ষোভকারীরা রাজপথে প্রতিবন্ধকতা জানমালের ক্ষতিসাধন করে। তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।

তবে জান্তা সরকারের এমন বক্তব্যকে নাকচ করে দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি দাবি করেছে, মিয়ানমারে শান্তিকামী জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করছে সেনা ও পুলিশ। চূড়ান্ত মানবাধিকার লংঘন হচ্ছে মিয়ানমারে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন