© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান পাকিস্তানের

শেয়ার করুন:
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান পাকিস্তানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৮ পিএম | ০৯ আগস্ট, ২০২৬
ইসরায়েলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ‘একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট’ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।

শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ এসব কথা বলেন। এর একদিন আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে।

ইসরায়েল প্রসঙ্গে খাজা আসিফ বলেন, ‘সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

তিনি বলেন, ‘ইসরায়েল ১৯১৭ সালের ব্রিটিশ বালফোর ঘোষণার ফল।’ তার দাবি, এই ঘোষণার ভিত্তিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ায় দেশটি অঞ্চলটির যেকোনো দেশের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।

বালফোর ঘোষণা ছিল ১৯১৭ সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন। পরবর্তী সময়ে এই ঘোষণাকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম ঐতিহাসিক ভিত্তি হিসেবে দেখা হয়।

ইসরায়েলের প্রতি নিজের কঠোর অবস্থানও স্পষ্ট করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি বছরের নির্বাচনে পরাজিত হলেও তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।’

খাজা আসিফ বলেন, ‘জেরুজালেমে যে-ই ক্ষমতায় আসুক-সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিংবা অন্য কোনো নেতা-পার্থক্য খুবই সামান্য।’

এর আগে খাজা আসিফ ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ এবং ‘ক্যানসারাস রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন