© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে মাদক মামলায় বরখাস্ত এসআই কারাগারে

শেয়ার করুন:
চট্টগ্রামে মাদক মামলায় বরখাস্ত এসআই কারাগারে
own-reporter-chattogram
০৪:১৯ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এসআই খন্দকার সাঈদ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম মহানগর আদালতের পঞ্চম বিচারিক হাকিম সরোয়ার জাহানের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, সাঈদ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে বাকলিয়া থানার হাফেজনগর এলাকার একটি বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে ৬০০ ইয়াবাসহ এসআই সাঈদের সহযোগী নাজিমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নাজিমের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই সাঈদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাঈদ ও নাজিমকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করলে সাঈদ অসুস্থবোধ করছে বলে জানালে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে সে পালিয়ে যায়।

মামলার তদন্ত শেষে জানুয়ারিতে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সাঈদ তৎকালীন বাকলিয়া থানার এসআই ছিলেন।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

মন্তব্য করুন