© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেফাজতকে আর কোনও ছাড় নয় : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
হেফাজতকে আর কোনও ছাড় নয় : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৭:৪২ পিএম | ০৭ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেফাজতকে উদ্দেশ্য করে বলেছেন, একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশের স্বস্তি ও শান্তি বিনষ্টে উঠে পড়ে লেগেছে। তারা একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকার গণতন্ত্রের স্বার্থে সহনশীলতা দেখিয়েছে। কিন্তু আর ছাড় দেয়া হবে না। হেফাজত আগুন নিয়ে খেলতে শুরু করেছে, ওই আগুনেই তাদের হাত পুড়ে শেষ হয়ে যাবে।

বুধবার (৭ এপ্রিল) সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের জানমালের সুরক্ষা দিতে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগ সরকারের দায়িত্বশীল আচরণকে প্রতিক্রিয়াশীলরা দুর্বলতা মনে করছে। কিন্তু তাদের ভুল এবার ভেঙ্গে দেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ জাতি। কোনও ধর্মান্ধতাকে বাংলাদেশের মানুষ সমর্থন দেয় না। হেফাজতকে বলি, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে আপনাদের হাতই পুড়ে শেষ হয়ে যাবে।

ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর অবমাননা জাতি আর সহ্য করবে না। বঙ্গবন্ধুর ছবি ও ভাস্কর্য যারা ভাংচুর চালিয়েছে, আওয়ামী লীগের কর্মীরা তাদের জবাব দেবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন