হেফাজতের বিরুদ্ধে দায়ের করা ১৬ মামলার তদন্তে পিবিআই
প্রতিকী ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা ১৬টি মামলার তদন্ত করবে পিবিআই।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত ২৬ মার্চের পর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে হেফাজতে ইসলামের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ১৬টি মামলার তদন্ত করবে পিবিআই।
বনজ কুমার আরও বলেন, নাশকতা, হত্যাচেষ্টা, ধ্বংসাত্মক কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা দায়ের হয়েছে। মামলাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।
টাইমস/এসএন