লকডাউন তুলে নেয়ার শর্তে বাবুনগরীর জেলে যাওয়ার ইচ্ছা ভন্ডামি : জাসদ
ফাইল ছবি
লকডাউন তুলে নেয়ার বিনিময়ে হেফাজতের আমির বাবুনগরী স্বেচ্ছায় জেলে যাওয়ার বক্তব্যকে ভন্ডামি বলে আখ্যা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)। এক বিবৃতিতে দলটি দাবি করেছে, চটকদার বক্তব্য দিয়ে হেফাজত নেতা বাবুনগরী সরকারের কাছে নিজের দ্বৈততা ও ধূর্ততার প্রমাণ দিয়েছেন।
শুক্রবার (২৩ এপ্রিল) জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাবুনগরী লকডাউনকে এমনভাবে চিহ্নিত করেছেন যে, লকডাউন যেন সরকারের আবিস্কার। বাবুনগরী তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন, সরকার ইচ্ছাকৃত লকডাউন দিয়েছে। হেফাজত নেতা বাবুনগরী জনগণের মধ্যে একটা বিভ্রান্তিকর বার্তা দেয়ার অপচেষ্টা চালিয়েছেন।
জাসদ দাবি করেছে, উগ্র সাম্প্রদায়িক হেফাজতিরা দেশের বিরুদ্ধে আজীবন ষড়যন্ত্র করে এসেছে। তারা বারবার দেশের নামে মিথ্যাচার করেছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা বারবার প্রোপাগান্ডা চালিয়েছে। তাদের মিথ্যাচার ও ষড়যন্ত্র এখন জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে।
বিবৃতিতে হেফাজত নেতাদের উদ্দেশ্যে দেশবিরোধী চক্রান্ত বন্ধ করার হুশিয়ারি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সকল দেশপ্রেমিক সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
টাইমস/এসএন