ফিলিস্তিনিদের তোপের মুখে দামেস্ক গেট থেকে পিছু হটলো ইসরাইল
প্রতিকী ছবি
ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদ ও অনড় অবস্থানের কারণে অবশেষে দামেস্ক গেট থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরাইলি বাহিনী। প্রায় দু’সপ্তাহ ধরে দামেস্ক গেট অবরুদ্ধ করে রেখেছিল দখলদার ইসরাইলি সেনারা।
জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ ও তীব্র প্রতিবাদের মুখে টিকতে না পেরে ইসরাইলি সৈন্যরা দামেস্ক গেট ছেড়ে দিতে বাধ্য হয়। রোববার (২৫ এপ্রিল) সেনারা দামেস্ক গেট থেকে ব্যারিকেড সরিয়ে নিলে ফিলিস্তিনিরা উল্লাসে ফেঁটে পড়েন।
এসময় ঐতিহাসিক চত্বরটিতে প্রচুর মানুষ প্রবেশ করেন। পরে তারা রমজান উপলক্ষে দামেস্ক গেটে সমবেত হয়ে ইবাদত শুরু করেন।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল অধিকৃত পূর্ব জেরুসালেমের মধ্যে দামেস্ক গেটের অবস্থান। রমজান মাস ঘিরে দামেস্ক গেট নিয়ে ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। যে কারণে রমজানের শুরু থেকেই ফিলিস্তিনি মুসলিমরা দামেস্ক গেটের সামনে সমবেত হন ইবাদত করার জন্য। কিন্তু ইসরাইলি সেনারা ব্যারিকেড দিয়ে সেটি আটকে দেন।
এ নিয়ে টানা দুই সপ্তাহ ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি মুসলিমদের থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অসংখ্য মানুষ আহত ও অন্তত অর্ধশতাধিক ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছেন। তারপরও নিজেদের অবস্থান থেকে একটুও সরে আসেনি ফিলিস্তিনিরা। শেষমেষ রোববার দামেস্ক গেট খুলে দিতে বাধ্য হয় ইসরাইল। এঘটনার পর ফিলিস্তিনিরা উল্লাসে মেতে উঠেন।
টাইমস/এসএন