ভারতে কেন ভয়াল রূপে করোনা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ছবি- সংগৃহিত
ভারতে করোনার ভয়াল থাবায় প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। দেশটির আকাশে বাতাসে লাশের গন্ধ। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। প্রথম থেকে ভারতে করোনা সংক্রমণ বেশ নিয়ন্ত্রিত থাকলেও দ্বিতীয় ঢেউয়ের সময় ভারত কেন নাজেহাল, তা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গণহারে স্বাস্থ্যবিধি উপেক্ষা, গণজমায়েত ও করোনার নিম্নমানের টিকাদান ও টিকাদানের হার সীমিত হওয়ার কারণে দেশটিতে করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেই সঙ্গে মিউটিশনের মাধ্যমে ভারতে করোনার নতুন ধরন সৃষ্টি হয়েছে। যা করোনার সকল ধরনের থেকে ভয়ঙ্কর ও শক্তিশালী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারেক জাসারেভিক জানিয়েছেন, তাদের (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) পক্ষ থেকে ভারতে জরুরি মেডিকেল সরঞ্জাম পাঠানো হচ্ছে। এসবের মধ্যে চার হাজার অক্সিজেন কনসেনট্রেটরও রয়েছে।
বুধবার পর্যন্ত করোনায় বেসামাল ভারত। গত ছয় দিনে পরপর তিন লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সব মিলিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন দুই লাখ ছাড়িয়ে গেছে।
দেশটিতে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানুষ হাসপাতালে ছুটছেন, কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। ভারত সরকার বারবার রোগীদের বাড়িতে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন। তাতেও কোনও কাজ হচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে করোনা খারাপ দিকে যাওয়ার অন্যতম কারণ গণজমায়েত নিয়ন্ত্রণ করতে না পারা। গণজমায়েতের কারণে দেশটিতে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারেক জাসারেভিক বলেছেন, ভারতে সংস্থাটির দুই হাজার ৬০০ বিশেষজ্ঞ কাজ করছেন। শিগগিরই আরও জনবল এই কাজে যোগ দেবেন। তবে সবার আগে প্রয়োজন জনগণের সচেতনতা।
টাইমস/এসএন