© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুনিয়ার লাশ উদ্ধার : আটকে গেল বসুন্ধরা এমডির জামিন শুনানি

শেয়ার করুন:
মুনিয়ার লাশ উদ্ধার : আটকে গেল বসুন্ধরা এমডির জামিন শুনানি

ছবি: নিহত মোসারাত জাহান মুনিয়া

own-reporter
০৪:৪৩ পিএম | ২৯ এপ্রিল, ২০২১

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের আগাম জামিনের শুনানি হচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হাইকোর্টে আগাম জামিনে আবেদন করেছিলেন সায়েম সোবহান আনভীর। কিন্তু হাইকোর্ট বসুন্ধরা গ্রুপের এমডির আবেদনের প্রেক্ষিতে আগাম জামিনের শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার হাইকোর্টের যে বেঞ্চের কার্যতালিকায় আনভীরের আগাম জামিনের আবেদনটি শুনানির জন্য ছিল, সেই বেঞ্চ ‘লকডাউন’ ও মহামারির এই পরিস্থিতিতে আগাম জামিনের শুনানি করবে না বলে জানিয়েছেন।

বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চের কার্যতালিকায় মোট ১৫টি আগাম জামিনের আবেদন ছিল। তার মধ্যে সায়েম সোবহান আনভীরের আবেদনও রয়েছে। যার নম্বর ছিল ১৪।

বৃহস্পতিবার সকালে আদালতের দরজায় টাঙ্গানো এক নোটিশে বলা হয়, ‘বর্তমান লকডাউন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুনানি গ্রহণ করবেন না।

এ প্রসঙ্গে বিচারপতি মামুনুন রহমান গণমাধ্যমকে বলেন, আগাম জামিনের বিষয়গুলো ভুলবশত কার্যতালিকায় এসেছে। আমাদের নির্দেশনা ছিল, এগুলো ভবিষ্যতে আসবে। তাই আজকের কার্যতালিকায় থাকা ১৩ থেকে ২৭ পর্যন্ত আগাম জামিনের আবেদন শুনানি হবে না।

প্রসঙ্গত, গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মামলায় আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন