সরকারের বিষোদগার নয়, মানুষের পাশে দাঁড়ান, বিএনপিকে তথ্যমন্ত্রী
বিষোদগারের রাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, নাগরিক ঐক্য ও বিএনপির নেতারা সরকারের বিষোদগারে ব্যস্ত। আপনারা এই অভ্যাস বাদ দিয়ে মানুষের পাশে দাড়ান। এখন মানুষের পাশে দাড়ানোর সময়।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব এবং তার জোটের অন্যান্য নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, প্রতিদিন আপনারা সরকারের বিষোদগার না করে মানুষের পাশে দাঁড়ান। সরকারের বিরুদ্ধে আর গুজব রটাবেন না।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খেটে খাওয়া মানুষের সরকার। আওয়ামী লীগ সরকার গরীব-মেহনতি মানুষের সরকার। আর একারণেই আওয়ামী লীগ সরকার দেশের মেহনতি মানুষের পাশে বারবার দাঁড়িয়েছে।
এসময় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সহ-সভাপতি নূরুল আমীন রুহুল, শরফুদ্দিন আহমেদ সেন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ কামাল, প্রচার সম্পাদক আকতার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আজাহার আলী, ঢাকা মহানগর উত্তর মহিলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিতু আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
টাইমস/এসএন