কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১৩
ছবি- সংগৃহিত
খাল দখলকে কেন্দ্র করে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে কিরগিজস্তান ও তাজিকিস্তান। দেশ দুটির বিতর্কিত সীমান্তে গোলাগুলিতে এরই মধ্যে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেছে সীমান্তবর্তী বাসিন্দারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার একটি জলাশয়ে নজরদারি ক্যামেরা বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়ে। এসময় পাথর ও ইটপাটকেলের আঘাতে বহু মানুষ আহত হন।
পরে গোলাগুলিতে জড়িয়ে পড়ে উভয় দেশের সীমান্তরক্ষীরা। এতে ১৩ জন নিহত হয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এসব বিষয়ে কিরগিজস্তান সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে তথ্য প্রদান করা হলেও তাজিকিস্তান সরকার এখন পর্যন্ত মুখ খোলেনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘাতের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। যাতে দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাড়িঘরে আগুন জ্বলতে দেখা গেছে।
প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে কিরগিজস্তান ও তাজিকিস্তান। তখন থেকেই দুই দেশের মধ্যে সীমানা বিরোধ চলমান।
টাইমস/এসএন