© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি এখন ‘ভুল ধরা পার্টি’ : তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
বিএনপি এখন ‘ভুল ধরা পার্টি’ : তথ্যমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৬:২৪ পিএম | ০১ মে, ২০২১

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও তারা জনগণের পাশে নেই। মাঝে মধ্যে ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ও গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তাদের দেখা যায়। বিএনপি এখন ভুল ধরা পার্টিতে পরিণত হয়েছে।

শনিবার (১ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লকডাউনে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ড. হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপিকে দেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা মানুষের সহযোগিতায় কাজ করে না। বিএনপি শুধু সরকারে ভুল ধরে বেড়ায়। এই দলটি শুধু সরকারের সব কাজের মধ্যে ভুল খুঁজে বেড়ায়। কিন্তু নিজেরা কোনও কাজ করে না। এজন্যই মানুষ এই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

এদিন রাঙ্গুনিয়া পৌরসভায় মরহুম অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান ‘এনএনকে’ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাঙ্গুনিয়া পৌরসভা, চন্দ্রঘোনা, মরিয়মনগর, পদুয়া ও শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ক্রমান্বয়ে এ অঞ্চলের ১০ হাজার পরিবারের মাঝে সহায়তা পৌছে দেবে ‘এনএনকে’ ফাউন্ডেশন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমন্বয়কারী আবদুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও এমরুল করিম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও মাসুদুর রহমান, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলী শাহ, কামরুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম চিশতি, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, শফিকুল ইসলাম, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, আবদুল মোনাফ সিকদার, গিয়াস উদ্দিন খাঁন স্বপন প্রমুখ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন