© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃণমূলের হ্যাটট্রিক জয়ে মমতার দখলে পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
তৃণমূলের হ্যাটট্রিক জয়ে মমতার দখলে পশ্চিমবঙ্গ

ফাইল ছবি

international-desk
০২:২৯ পিএম | ০২ মে, ২০২১

পশ্চিমবঙ্গে ঠাঁই হলো না সাম্প্রদায়িক রাজনীতির। ভোটের মাঠে হম্বিতম্বি আর ধর্মের নামে মানুষকে গেরুয়া শিবিরে টানলেও ফলাফলে ধরাশায়ী মোদী-অমিত শাহের বিজেপি। পশ্চিমবঙ্গে আবারও সরকার গঠন করতে যাচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

রোববার (২ মে) বেসরকারি ফলাফলে পশ্চিমবঙ্গের ২৯২ আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২০৭টি আসন। আর ৮১টি আসনে জয় পেয়েছে বিজেপি।

আনন্দবাজার পত্রিকা বলছে, বিকাল তিনটা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২০৭টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৮১টি আসনে। এছাড়া বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা মাত্র একটি আসনে এগিয়ে আছে।

রাজ্যটির বিধানসভার মোট আসন ২৯৪টি। তবে নির্বাচনী প্রচারণা চলাকালে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনে ভোট স্থগিত হয়ে যায়। ফলে পশ্চিমবঙ্গে এবার সরকার গঠন করতে হলে ১৪৭টি আসনে জয়লাভ করতে হতো। সে হিসেব ২০৭টি আসনে জয় পেয়ে টানা তৃতীয় বারের মতো সরকার গঠনের পথ নিশ্চিত করেছেন মমতা।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়েছিল। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন