© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐতিহাসিক স্মৃতি মুছে ফেলতে শিশু পার্ক বানিয়েছিল জিয়া : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
ঐতিহাসিক স্মৃতি মুছে ফেলতে শিশু পার্ক বানিয়েছিল জিয়া : সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৩:৪২ পিএম | ০৮ মে, ২০২১

রেসকোর্স ময়দানের ঐতিহাসিক স্মৃতি মুছে ফেলার জন্য জিয়াউর রহমান শিশু পার্ক বানিয়েছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রেসকোর্স ময়দানে প্রথম গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটিকে তিনিই উদ্যান বানিয়েছিলেন।

শনিবার (৮ মে) সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পন করেছিল। সেই স্মৃতি মুছে ফেলার জন্য জিয়া পরিকল্পিত ভাবে শিশু পার্ক বানিয়েছিল। তখন পরিবেশবাদীরা কোথায় ছিল? সেদিন তো কারও মুখে কোনো কথা শুনিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও পাক হানাদারদের আত্মসমর্পণ করার জায়গা দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কাজগুলো নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, এক সময় ঢাকার রাস্তায় হাজার হাজার গাছ ছিল। সেসব গাছ কেটে ফেলা হয়েছে। সেদিন কেউ কোনো কথা বলেনি। বর্তমান সরকার ঢাকার রাস্তায় সৌন্দর্য ফিরিয়ে এনেছে। তাই উদ্বিগ্ন না হয়ে সরকারকে সহযোগিতা করুন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন