গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনির মৃত্যু
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার সপ্তম দিনে আরও অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত কয়েক ডজন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুটি আবাসিক ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। এই হামলায় হামাস প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ারের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়াহইয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন। তবে হামলায় এই নেতার কোনো ক্ষতি হয়েছে কীনা বা তিনি হামলার সময় বাড়িতে অবস্থান করছিলেন কিনা তা নিশ্চিত করা হয়নি।
গাজা উপত্যকায় গত এক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় ৪১ শিশুসহ এ পর্যন্ত মোট ১৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার জনের বেশি। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে দুই শিশুসহ এ পর্যন্ত নিহত হয়েছেন ১০ জন ।
এদিকে আজ ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
অপরদিকে জেরুজালেম ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে পদক্ষেপ নিতে আজ জরুরি বৈঠক ডেকেছে ওআইসি। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি আরবের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে বক্তব্য রাখবেন।
টাইমস/এসজে