আল আকসা না ছাড়লে যুদ্ধবিরতি ব্যর্থ হবে : হামাস
ছবি- সংগৃহিত
টানা ১১ দিনের সংঘাত শেষে যুদ্ধ বিরতিতে একমত হয়েছে হামাস ও ইসরাইল। তবে গাজায় হামলা বন্ধ, আল আকসা মসজিদ ও শেখ জাররাহ থেকে ইসরাইলি সেনা সরানোর শর্ত দিয়ে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে হামাস।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, গাজা থেকে ইসরাইলি সেনা সরানোর দাবি মানা হলেই যুদ্ধবিরতি মানবে তারা। ফিলিস্তিনিদের বিজয় হয়েছে বলেও দাবি হামাস নেতাদের।
বৃহস্পতিবার (২০ মে) রাতে ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়টি মেনে নিতে বাধ্য হয়। নেতানিয়াহুর মন্ত্রিসভা বলেছে, তারা যুদ্ধবিরতির ব্যাপারে ‘মিসরীয় প্রস্তাব’ মেনে নিয়েছে। এরপর ইসরাইলি ঘোষণা অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এদিকে হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে বলেছেন, ‘প্রতিরোধ আন্দোলন হামাস মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে এই নিশ্চিয়তা পেয়েছে যে, গাজার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ হবে।’
ওসামা হামদান আরও বলেন, ‘বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরের শেখ জাররাহ এলাকা এবং আল আকসা মসজিদ থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে। ইসরাইল এই শর্ত ভঙ্গ করলে যেকোনও পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে।’
টাইমস/এসএন