বারবার পরাজিত হওয়ায় নির্বাচনে আগ্রহ হারিয়েছে বিএনপি
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হওয়ায় বিএনপি এখন নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে।
সোমবার (২৪ মে) সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রতিটি নির্বাচনে বিএনপি ব্যর্থ হয়েছে। কিন্তু তারা পরাজয়ের কারণ হিসেবে বারবার নির্বাচন কমিশনকে দায়ী করেছে। যা হাস্যকর। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা নিয়েই বিএনপি বারবার নির্বাচনে আসে। মাঝপথে তারা বয়কট করে চলে যায়। এটাই বিএনপির চরিত্র।
আওয়ামী লীগ সম্পাদক বলেন, বিএনপির অপরাজনীতি আর মিথ্যাচারের কারণে জনগণ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন আদালতের বিরুদ্ধে কথা বলছে।
টাইমস/এসএন