চট্টগ্রামে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামের হাটহাজারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি আমির হোসেন জামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এ রায় দেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের বলেন, ধর্ষণের পর শিশুটিকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন।
তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ৯ (২) ধারায় তাকে মৃত্যুদণ্ডের সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন জামাল বর্তমানে কারাগারে আছেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায়।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ মে উপজেলার মেখল গ্রামে ফুফু বাড়িতে বেড়াতে যায় কিশোরী জুলি আক্তার (১০)। আসামি আমির হোসেন সে সময় কিশোরীর ফুফুর বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন।
আমির হোসেন জুলিয়াকে অপহরণ করে বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে খালে ফেলে দেন। পরে খাল পাড় থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে আমির হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ২০০৮ সালের ২৫ আগস্ট পুলিশি তদন্ত শেষে দেয়া হয় চার্জশিট। পরের বছর ৮ সেপ্টেম্বর মামলার বিচার কাজ শুরু হয়।
টাইমস/এমএএইচ/এক্স