© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপি একরামসহ ৯৬ জনের নামে কাদের মির্জার জিডি

শেয়ার করুন:
এমপি একরামসহ ৯৬ জনের নামে কাদের মির্জার জিডি

ফাইল ছবি

own-reporter-noakhali
০৫:৩৯ পিএম | ১১ জুন, ২০২১

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার (১১ জুন) সকালে সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।

ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, হত্যা, গুম ও হামলার আশঙ্কায় এমপি একরামুল করিম চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবদুল কাদের মির্জা। অভিযোগটি আমি নিজেই তদন্ত করছি।

জিডিতে কাদের মির্জা অভিযোগ করেন, এমপি একরাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ তার তিন ভাগ্নে দেশের মধ্যে তাকে হত্যার পরিকল্পনা করছেন।

এ ছাড়া আমেরিকাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল, তার শ্বশুর আল-আমিন, সেলিম চৌধুরী, ভিপি বাবুল, সাহাব উদ্দিন, শাহজাহান ছোটনসহ অনেকেই তাকে হত্যা করে লাশ গুমের পরিকল্পনা করছেন। এতে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে অভিযুক্ত করে জিডি করেছেন।

জিডিতে কাদের মির্জা আরও বলেন, শনিবার (৫ জুন) আমেরিকার সময় রাত ১০টায় ও পরদিন রোববার (৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় এমপি একরামের কবিরহাটের বাড়ি ও আমেরিকায় আল-আমিনের ম্যাকডোনাল্ডের বাড়িতে বিবাদীরা বৈঠক করে তাকে (কাদের মির্জা) হত্যা করে লাশ গুমের পরিকল্পনা করেন।

এছাড়া বুধবার (৯ জুন) সন্ধ্যায় তার ভাগ্নে মাহবুবুর রশিদ মঞ্জুর বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসায় বৈঠক করে কাদের মির্জার নেতাকর্মীদের ওপর হামলা ও তার পরিষদের কাউন্সিলরদের মাধ্যমে অনাস্থা দিয়ে তাকে পদ থেকে সরানোর ষড়যন্ত্র করছেন বলেও উল্লেখ করেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন