© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপনির্বাচনের তিন আসনে নৌকার প্রার্থী যারা

শেয়ার করুন:
উপনির্বাচনের তিন আসনে নৌকার প্রার্থী যারা
own-reporter
০৪:১১ পিএম | ১২ জুন, ২০২১

জাতীয় সংসদের তিন আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১২ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তিন প্রার্থীর নাম চূড়ান্ত করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগাখান মিন্টু, ২৩১ সিলেট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, ড. মো. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, কাজী জাফরুল্লাহ ও আবদুস সোবহান গোলাপ।

প্রসঙ্গত, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন