চীনের সামরিক শক্তি ‘সিস্টেমেটিক চ্যালেঞ্জ’ : ন্যাটো
প্রতিকী ছবি
ন্যাটো জোটের নেতারা চীনের সামরিক শক্তি ও আচরণকে ‘সিস্টেমেটিক চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে জোট নেতারা এমন মন্তব্য করেছেন। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।
মঙ্গলবার (১৫ জুন) বিবিসি’র প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিবিসি বলছে, ন্যাটো নেতারা বলেছেন যে, চীন তার পারমাণবিক অস্ত্রের পরিমাণ দ্রুত বৃদ্ধি করছে। যা দেশটির সামরিক আধুনিকায়নের বিষয়ে ‘অস্পষ্ট’। এছাড়া চীন রাশিয়ার সঙ্গে সামরিক শক্তির সমন্বয় করছে বলেও ন্যাটোর নেতারা দাবি করেছেন।
ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ হুঁশিয়ারি করে বলেছেন, চীন সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে ন্যাটোর ‘কাছাকাছি’ চলে আসছে। তবে ন্যাটো চীনের সঙ্গে কোনো শীতল যুদ্ধে জড়াতে চায় না।
ন্যাটো ইউরোপীয় ও উত্তর আমেরিকার ৩০টি দেশের মধ্যে একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিজমের সম্প্রসারণের হুমকি প্রতিহত করতে ন্যাটো জোট প্রতিষ্ঠিত হয়।
এদিকে ন্যাটোর শীর্ষ নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়া চীনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সামরিক শক্তি ও নিজের সুরক্ষার ব্যাপারে চীন আপোষহীন। বিশ্বশান্তি বিনষ্ট হয় এমন কোনও কাজ চীন কখনো করেনি, করবেও না। তবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রবণতা থেকে পশ্চিমা জোটকে বেরিয়ে আসতে হবে।
টাইমস/এসএন